
গভীর রাতে আগুনে পুড়েছে মসজিদ, ঝুট ও তুলার গুদামসহ বাজারের একাধিক দোকানপাট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট কাজে যোগ দেয়। চারটি ইউনিটের সম্মিলিত চেষ্টায় সকাল ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে একটি মসজিদ, ঝুট ও তুলার গুদাম, একটি স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান এবং একটি ভাঙারির দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।